নতুন বছরের প্রথম দুই মাসেই সড়ক দুর্ঘটনায় এক হাজার ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও সহস্রাধিক। এরমধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন ৪০০ জনের বেশি। শনিবার (৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। বিভিন্ন সংবাদমাধ্যমে সড়ক দুর্ঘটনা নিয়ে সংবাদপত্রের প্রতিবেদনের এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
এতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশে ৮৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটে। তারমধ্যে সাড়ে তিন শতাধিকই মোটরসাইকেল। এসব দুর্ঘটনায় মারা গেছেন ১০১২ জন। তাদের মধ্যে নারী ১৪৩ জন ও শিশু ১৩০। আর মোটরসাইকেল দুর্ঘটনায় মারা ৪০৩ জন। যা মোট নিহতের ৩৯.৮২ শতাংশ।
প্রতিবেদনে জানানো হয়, দুর্ঘটনায় ২০২ জন পথচারী নিহত হয়েছেন। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ১৪৭ জন। ১২টি নৌ-দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছেন এবং ২৬টি রেলপথ দুর্ঘটনায় ৩৫ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।
দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ৪০৩ জন, বাস যাত্রী ৬৬ জন, ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান-ট্রাক্টর-ট্রলি-লরি যাত্রী ৫৭ জন, মাইক্রোবাস-প্রাইভেটকার-অ্যাম্বুলেন্স যাত্রী ২৫ জন, থ্রি-হুইলারের যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান) ১৮১ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-আলমসাধু-মাহিন্দ্রা-টমটম-চান্দের গাড়ি-ডাম্পার-পাওয়ারটিলার) ৪৮ জন এবং প্যাডেল রিকশা-রিকশাভ্যান-বাইসাইকেল আরোহী ৩০ জন নিহত হয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ৩৫৩টি জাতীয় মহাসড়কে, ২৯৫টি আঞ্চলিক সড়কে, ১৪৩টি গ্রামীণ সড়কে, ৪৬টি শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ১১টি সংঘটিত হয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশন বলছে, সড়ক দুর্ঘটনায় গত ২ মাসে প্রতিদিন গড়ে ১৭.১৫ জন নিহত হয়েছেন। জানুয়ারি মাসে ৪৩১টি সড়ক দুর্ঘটনায় ৫৪৩ জন নিহত হয়েছিলেন। ফেব্রুয়ারি মাসে ৪১৭টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৬৯ জন। এই হিসাবে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাসে দুর্ঘটনা বেড়েছে ৭.১২ শতাংশ এবং প্রাণহানি কমেছে ৪.৩৪ শতাংশ।